গৌতম দত্ত

আমার খুব শখ হয়
আমি গ্রাম নিয়ে কবিতা লিখব
লিখব গাছ নিয়ে
খেতখামার আর কুঁড়েঘর
আমার কবিতায় ফিরে ফিরে আসবে
আমি লালমাটির পথ নিয়ে গান বাঁধব
আকাশের রূপ পালটে যাওয়া নিয়ে
লিখে ফেলব অসাধারণ কিছু পংক্তি

অথচ লেখার বেলায় সেই
জানলাহীন ঘরে ফ্লুরোসেন্ট আলোর মধ্যদুপুর
বাইরে রোদ না ঝড়
বোঝা যায় না
আমি উপুড় হয়ে পড়ি লেখার উপর
দুই হাত বিছিয়ে দিয়ে লেখার গা থেকে
তুলে নিই ঘাম ও রক্ত
শহুরে গন্ধমাখা সেই শব্দনিচয় থেকে
উড়তে থাকে ধুলো
আমি কাচ আর কাঠে ঘেরা
কৃত্রিম ঘরের ভিতর বসে টের পাই
শহর ও গ্রামের রক্ত সেই একই অঙ্কে গিয়ে দাঁড়ায়
যার নিটফল শূন্য