হরতাল
হরতাল চলছে রাজ্য জুড়ে
শব্দের আস্তাকুড়ে এক টুকরো প্রাণের রসদ খুঁজছে
যে ভিখিরি বাক্যগুলো
যে অব্যক্ততার দল, পাঁজর উপড়ানো খাটুনিতে
উপার্জন করেছে, দিস্তে দিস্তে অপ্রকাশের অসহ্যতা
যে অগুনতি বেয়াদপ ইচ্ছেরা
রাত জাগা নিস্ফল আর্তনাদে কাঁপিয়েছে একলার নির্জন দুনিয়াকে
সেই রাজ্যে..
হ্যা… সেই রাজ্যেই আজ হরতাল চলছে|
হরতাল চলছে – আগুনে, স্লোগানে, ফুলের গন্ধে
হরতাল চলছে – না বলা কথায়, অদেখা দেখায়
হরতাল চলছে – ফুরিয়ে যাওয়া অফুরান্ততায়,
একলার অনন্ততায়…..
হরতাল চলছে……
হরতাল চলছে রাজ্য জুড়ে……
