অর্পণ বসু

ছাতা

আচমকা কাল রাস্তার ধারে দেখি
ছেড়ে চলে যাওয়া বদলানো সেই মুখ
দাঁড়িয়ে রয়েছে | প্রথমে চিনতে আমি
সত্যি পারিনি… খুব কাঁপছিল বুক

আড়চোখে চেয়ে ভাবলাম যাই কাছে
সে-ও কি এখনও আগের মতোই আছে?
কথা বলবে তো? ঘ্যাম্ মারবে না ! খুব
এগোতে পারি না | বুক করে ধুকপুক…

কিছুটা এগিয়ে আবার দেখবো বলে
পিছন ফিরেছি | নস্টালজিয়া চোখ…
পায়ের তলায় অতীতের ভেজা মাটি
হ্যাঁ, আজও রয়েছে সেই দিনটার শোক |

মাঝে বহু পল… তবু কি ভুলতে পারি?
সেই দিনটায় অশান্তি ঝরঝর
ঝরেছিল মেঘ শ্রাবণের পথে-ঘাটে
সে সব কথাই আনমনে হয় জড়ো |

না, তবু পারি না— সেই পথে ফিরে যেতে,
বৃষ্টি নেমেছে সে দিনের মতো জোরে…
আমার ছাতাটা সে দিন তোমার ব্যাগে
রয়ে গিয়েছিল সহসাই ভুল করে

যেন মনে হল, ছাতাটা মাথার
উপরে মেলেছ ধরে…